বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আলুর স্তূপ সরাতেই বের হলো ২০ কেজি গাঁজা

গাজীপুরে রান্নাঘরের নিচে ‘গোপন ভাণ্ডার’

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

গাজীপুরে রান্নাঘরের নিচে ‘গোপন ভাণ্ডার’

গ্রামবাংলার সাধারণ এক রান্নাঘর-চুলা, হাঁড়ি-পাতিল, পাশে আলু-সবজির স্তূপ-সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে ছিল এক অভিনব ‘মাদক ভাণ্ডার’! শেষ পর্যন্ত পুলিশের সূক্ষ্ম নজরদারিতে ধরা পড়ল সেই গোপন কৌশল।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারী মাদক কারবারিকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ফাতেমা আক্তার মিতু অত্যন্ত কৌশলে নিজের রান্নাঘরের মেঝেতে গর্ত করে তার নিচে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে পাটাতন তৈরি করা হয়, যাতে দেখে বোঝার কোনো উপায় না থাকে।

এরপর সেই ঢাকনার ওপর ছড়িয়ে রাখা হতো আলুসহ বিভিন্ন কাঁচা সবজি-যেন একেবারেই স্বাভাবিক রান্নাঘরের দৃশ্য। কিন্তু বাস্তবে ওই মাটির নিচেই ছিল বিপুল পরিমাণ গাঁজার মজুদ।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে রান্নাঘরের মেঝে ভেঙে ওই গোপন ড্রাম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মিতুকে আটক করা হয়। তিনি বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায় এবং এই অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আগামীকাল শরিবার (২৮ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হবে।

গ্রামের সহজ-সরল রান্নাঘরও যে কখনো ‘গোপন গুদামঘর’ হয়ে উঠতে পারে-এই ঘটনাই তার প্রমাণ। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ‘আলুর নিচের আসল রহস্য’ আর গোপন থাকেনি। 
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.