কুষ্টিয়ার দৌলতপুরে মশা তাড়ানোর কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর, গবাদিপশু ও সারা বছরের সঞ্চিত ফসল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জানবার প্রামাণিকের ৪টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেল, আসবাবপত্র এবং ঘরে মজুত রাখা সব ফসল ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই কৃষকের প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, হঠাৎ আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। তাদের বাড়ির দুই ভাই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়ালঘরের কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









