সিলেটে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন রাখতে বিজিবি সদস্যরা কাজ করছেন।
বিজিবি আরও জানায়, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে।
জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, সিলেটে জ্বালানি তেলের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও কিছু পাম্পে অকটেনের ঘাটতি দেখা দিয়েছে। এতে করে মোটরসাইকেল চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নগরের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক নিয়মেই চলছে। তবে কয়েকটি পাম্পে অকটেন না থাকায় চালকদের বিকল্প পাম্প খুঁজে নিতে হচ্ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় সামগ্রিকভাবে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম রয়েছে। এ কারণে আংশিক সংকট রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









