পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের দ্বিতীয় শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে মালিক-শ্রমিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সোনামসজিদ স্থলবন্দর। একে একে আসতে শুরু করে পণ্যবাহী ভারতীয় গাড়ি।
এ বিষয়ে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি বলেন, “১০ দিন ছুটির পর আজ শনিবার থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে। শ্রমিকরা ট্রাক থেকে বিভিন্ন পণ্য লোড-আনলোড শুরু করেছেন। এ ছাড়া সিএন্ডএফ কার্যক্রমও চালু হয়েছে।”
এদিকে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানিয়েছেন, সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে সকালে কিছুটা ধীরগতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে আসতে শুরু করায় শ্রমিকরা মালামাল খালাস শুরু করেছেন।
তবে বন্ধের মধ্যেও ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাতায়াত স্বাভাবিক ছিল। আজ ভারতগামী বাংলাদেশিদের সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









