কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কালিরবাজারে গ্যাসের রাইজার নিয়ে বাকবিতন্ডায় ছোট ভাইয়ের হাতে নিহত মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়ার পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য। একই সময়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের রাইচো উত্তর দীঘলগাঁও এলাকাতেও স্থানীয়দের আয়োজনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনা প্রকাশ করেন। বিশেষ করে ছোট শিশু কন্যার হৃদয়বিদারক কান্না উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আনে।
নিহতের স্ত্রী চাঁদনী আক্তার নিপা বলেন, “আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার সঠিক বিচার চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
নিহতের বড় মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমরা এর বিচার চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
নিহতের ছোট মেয়ে আয়েশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবাকে এনে দেন… আমি আমার বাবাকে চাই।” তার এই আহাজারিতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
নিহতের ছোট ছেলে ওমর ফারুক বলেন, “আমার বাবার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা নিরাপত্তা চাই, বিচার চাই।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিছুর রহমান, রোকেয়া বেগম ও রবিউল আলম জিহাদ এখনও গ্রেপ্তার হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে নিহতের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









