জ্বালানি তেলের অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দরের দুটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরযানের বৈধ কাগজপত্র না থাকায় ২৩ টি যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে চিরিরবন্দর শহরের চিরিরবন্দর ফিলিং স্টেশন ও গার্মেন্টস বাজার সংলগ্ন আউলিয়া পুকুর ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ,উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ ।
অভিযান চলাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল ও গাড়ি চালক হেলমেট এবং সঠিক কাগজপত্র ছাড়াই তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, লাইসেন্স বা নিবন্ধনের কাগজপত্র ছাড়া তেল সরবরাহ নিষিদ্ধ থাকলেও কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।
এমন পরিস্থিতিতে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল। ২৩ জন মোটরসাইকেল চালককে তার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ‘জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। যারা নিয়ম মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সাম্প্রতিক জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দেশব্যাপী নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









