দিনাজপুরের খানসামা উপজেলায় উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস—জিএপি) বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা হলরুম কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৫–২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘জিএপি কৃষক সার্টিফিকেশন’ বিষয়ক এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, সঠিক কৃষি ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম, ফসল সংগ্রহ ও সংরক্ষণ কৌশল এবং জিএপি সনদ অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মোহাম্মদ সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রশিক্ষণ ম্যানুয়াল, ব্যাগ, কলম-খাতা, সম্মানী, দুপুরের খাবার এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং স্থানীয় কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









