বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত, তখন দেবী শক্তির আরাধনায় মুখর হয়ে উঠেছে রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়। সেখানে আয়োজিত ২০ তম শতভূজা শ্রী শ্রী বাসন্তী পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা। শৈল্পিকভাবে নির্মিত প্রতিমা ও নান্দনিক পরিবেশ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
আয়োজকরা জানান, দুই দশক পূর্তি উপলক্ষে এবারের আয়োজনকে আরও জমকালো করা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সত্যন্দ্র কুমার পাল (নান্টু) বলেন, “গত দুই দশক ধরে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা এই শতভূজা শ্রী শ্রী বাসন্তী পূজার আয়োজন করে আসছি। এবার ২০ তম আয়োজন হওয়ায় বিশেষভাবে সাজসজ্জা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। দেবী বাসন্তীর আশীর্বাদে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
পূজা উপলক্ষে প্রতিদিন সকালে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হচ্ছে। স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে ভজন, ধামাইল ও কীর্তন পরিবেশনায় মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ।
আয়োজকরা জানান, গত তিন দিনে লক্ষাধিক ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
এছাড়া বাসন্তী পূজাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন মাঠে বসেছে মেলা। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে দেবীপুর এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। জাতি-ধর্ম নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ এই উৎসবে শামিল হয়েছেন।
দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









