ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই এবার নতুন মাত্রা পেয়েছে ব্যালন ডি’অরের এক বিশেষ উদ্যোগে।
পুরস্কারটির আনুষ্ঠানিক মঞ্চে ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নিতে ভোট দিচ্ছেন সমর্থকেরা। ভোটের সর্বশেষ হিসাবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন রোনালদোর ২০০৮ সালের মৌসুম। খবর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।
ভোটে এখন পর্যন্ত ৬২ শতাংশ সমর্থন পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম। ওই বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো এই পুরস্কার জেতেন পর্তুগিজ তারকা। এটি ছিল তার পাঁচটি ব্যালন ডি’অরের প্রথমটি।
অন্যদিকে, লিওনেল মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে মাত্র ১৩ শতাংশ ভোট। ওই বছর ৬৯ ম্যাচে ৯১ গোল করে ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের অনন্য কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবার ব্যালন ডি’অর জেতেন তিনি। তবে মেসির আটটি পুরস্কারজয়ী মৌসুমের মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়ায় পিছিয়ে পড়েছেন তিনি।
মেসির ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ৯ শতাংশ ভোট। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর ওই বছর পুরস্কারটি জেতেন তিনি। সে সময় প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে ফরাসি লিগ ও ফরাসি সুপার কাপও জিতেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ২১ গোলের পাশাপাশি ২০টি গোলে সহায়তা করেন মেসি।
ভোটের হিসাবে রোনালদোর ২০১৭ সালের মৌসুম পেয়েছে ৭ শতাংশ এবং ২০১৬ সালের মৌসুম পেয়েছে ২ শতাংশ ভোট। মেসি ও রোনালদোর অন্য মৌসুমগুলোতে ভোটের হার ১ শতাংশের আশপাশে বা তার নিচে।
ভোটে আছেন আরও আট কিংবদন্তি
মেসি ও রোনালদোর পাশাপাশি এই উদ্যোগে জায়গা পেয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইনৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। তাদের বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী মৌসুমের মধ্য থেকেও সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ রয়েছে সমর্থকদের।
ভোট দিতে লাগবে এক ইউরো
এই উদ্যোগে প্রতিটি ভোট দিতে খরচ হচ্ছে এক ইউরো। ভোটদাতারা চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার সুযোগও পাচ্ছেন। পাশাপাশি ঐতিহাসিক ব্যালন ডি’অর ট্রফির ছবি কেনা ও ডাউনলোডের সুবিধা রয়েছে।
সমর্থকেরা একাধিকবার ভোট দিতে পারবেন। একই খেলোয়াড় বা মৌসুমের পক্ষেও একাধিকবার ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, অক্টোবরের শুরুতে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে ২৭ অক্টোবর প্যারিস সময় মধ্যরাত পর্যন্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









