স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে।”
রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ–চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে “এশিয়া ফার্মাসিউটিক্যাল-২০”এর ১৭তম আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল উৎপাদন বিষয়ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দেশের ও বিদেশের ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে ফার্মাসিউটিক্যাল খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামিম হায়দার এবং ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন এবং ওয়াটসন গ্রুপের ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল উৎপাদনে আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে দেশি ও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল উৎপাদন যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত নতুন প্রযুক্তি ও সেবাসমূহ প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা জানান, কয়েকদিনব্যাপী চলা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশ-বিদেশের বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং ফার্মাসিউটিক্যাল খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









