কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উপকূলীয় পাহাড়ি এলাকায় পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে চারজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লুলার ডেইল এলাকার মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই এলাকার মো. আলমের ছেলে রমজান মিয়া (২৪), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৪৮)।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, উদ্ধারকৃতদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাদের মধ্যে তিনজন বাঙালি এবং একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। বাঙালি তিন যুবককে জোর করে পাচারের তথ্য পাওয়ার পরই অভিযান চালানো হয়।
তিনি জানান, উদ্ধারকৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









