নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “সিদ্ধিরগঞ্জে এর আগে কেউ অফিস করেনি। বন্দরেও করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধিরগঞ্জে প্রতি সোমবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বসবো। পাঁচটার পরে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে সমস্যা চিহ্নিত করে এগুলো সমাধানের চেষ্টা করবো।”
সোমবার (৩০ মার্চ) সিদ্ধিরগঞ্জ অফিসের কার্যক্রম শুরু করে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রশাসক আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের অংশ হিসেবেই সিদ্ধিরগঞ্জে আমার এ অফিসে এসেছি। আমি বলেছি, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ—সবাই সমান। সব জায়গায় আমরা সমান কাজ করবো; এক জায়গায় বেশি আরেক জায়গায় কম হবে না। আমি প্রশাসক পাশাপাশি একটি দলের সভাপতি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আপনাদের কাছে অনুরোধ, পরিবর্তনের কথা বলুন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং এক মাসের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলোর মাধ্যমে জনগণের চাহিদা পূরণ হচ্ছে। আমিও জনগণ ও এলাকার মানুষের উন্নয়নে প্রাধান্য দিব।”
তিনি আরও বলেন, “আমরা চাই নারায়ণগঞ্জ মাদক ও সন্ত্রাসমুক্ত হোক। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করবেন। আমি সকলকে এক চোখে দেখবো। এখানে আমার প্রতি কারও অভিযোগ থাকলে আমার কাছে আসবেন। আমার ভুল হলে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন।”
এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৩০ মার্চ) দুপুরে নাসিক কার্যালয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রশাসককে অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে এডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে মহানগর যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









