পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শহরের হলদিবাড়ী রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আ. মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকপ্রতিবন্ধী খোকন বিকাল ৫টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে রেললাইন ধরে দক্ষিণ দিকে যেতে থাকেন। পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের প্রায় ৫০০ মিটার দক্ষিণে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে প্রচণ্ড আঘাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেও খুব ভালো মানুষ ছিলেন। তিনি যেখানেই থাকতেন না কেন, নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণ করতেন।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









