নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, প্রতিবছর বর্ষা মৌসুম ও পরবর্তী সময়ে ডেঙ্গু এবং অন্যান্য এডিস-মশাবাহিত রোগের প্রকোপ দেখা যায়। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আগাম প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে। মশার প্রজননস্থল ও বিস্তারের স্থানগুলো আগেভাগেই চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, এবারের কার্যক্রমে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। শুধু সরকারি উদ্যোগ নয়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে বিডি ক্লিন, স্কাউটস, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের নলখালি, বগডুমারি ও ওয়াপদার খালে প্রাথমিকভাবে অভিযান শুরু হয়েছে। খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনের জন্য প্রয়োজনীয় ওষুধ স্প্রে করা হবে। পর্যায়ক্রমে সদর উপজেলার সাতটি ইউনিয়ন এবং জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি। তাই আগাম প্রস্তুতি নিয়ে পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। খালগুলো সচল রাখলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত চ্যানেলগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে জনভোগান্তি কমবে। তিনি জানান, কালিয়ানি খাল খননের জন্য প্রায় ৫ কিলোমিটার অংশে সরকারি অনুমোদন পাওয়া গেছে। বরাদ্দ পেলে খাল পুনঃখনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হবে, যা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদর উপজেলার তিনটি খালের প্রায় ৪০০ মিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ধারাবাহিকভাবে প্রায় ৮–৮.৫ কিলোমিটার খাল পরিষ্কার ও খননের পরিকল্পনা রয়েছে, যা বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তার, সদর উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









