ঝালকাঠিতে এক প্রতিবন্ধীর দোকান পোড়ানোর অভিযোগে আদালতে মামলা করে বিপাকে পড়েছেন বাদী বারেক খন্দকার। তাকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত নানা ধরনের হুমকি দিচ্ছে আসামীরা।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বারৈগাতী এলাকার প্রতিবন্ধী বারেক খন্দকার তালতলা বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি প্রতিদিন দোকানেই রাত্রি যাপন করতেন। তবে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।
এসময় আসামীরা ধারণা করেছিলেন, তিনি দোকানের ভেতরেই আছেন। তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা, তাই দোকানে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দোকানে থাকা টিভি, ফ্রিজ, চাল, ডাল, আটা, আলু, মরিচ, বিস্কুটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৯ মার্চ ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন রুস্তম খন্দকার। তিনি অভিযোগে ১) আঃ মতিন হাওলাদার (৪৫), ২) আলমগীর তালুকদার (৪৮), ৩) আঃ জলিল শেখ (৪৪) এবং ৪) মনির হোসেন (৪০)-এর নাম উল্লেখ করেন। অভিযোগ দায়েরের পর থেকেই আসামীরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় বাদীকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
মামলার বাদী বারেক খন্দকার বলেন, “আমার দোকান পোড়ানোর ঘটনায় মামলা করায় আঃ মতিনসহ আসামীরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় আমাকে হুমকি দিচ্ছে। তারা আমাকে স্থানীয় কিছু বিএনপির নেতাদের নামে মামলা দিতে বলছে। নির্বাচনের আগে বিএনপির লোকজনই দোকান পুড়িয়েছে, অন্য কেউ নয়—এমন কথা বলতে আসামীরা আমাকে চাপ প্রয়োগ করছে। আমাকে বলা হয়েছে, তাদের নামে মামলা দিলে মামলার সব খরচ তারা বহন করবে এবং নতুন দোকান তৈরি করে দেবে। কিন্তু যাদের নামে মামলা দিতে বলা হচ্ছে, তারা সবাই নেছারাবাদ কায়েদ সাহেব হুজুরের মাজারে গিয়ে শপথ করেছে যে এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। তাহলে আমি কেন তাদের নামে মিথ্যা মামলা দেবো।”
তিনি আরও অভিযোগ করেন, “আসামী আঃ জলিল শেখ পূর্বেও এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় সিআইডির তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।”
অভিযোগ অস্বীকার করে আঃ মতিন হাওলাদার বলেন, “এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি বাদীকে কোনো ধরনের হুমকি দেইনি। আমার শত্রুদের প্ররোচনায় বাদী আমাকে হয়রানি করছেন।”
এই বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আদালতের নির্দেশে অভিযোগটি তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, “বাদীকে হুমকির বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









