সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভেকু চালিয়ে জিসিসি প্রশাসকের খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

ভেকু চালিয়ে জিসিসি প্রশাসকের খাল খনন কর্মসূচির উদ্বোধন

গাজীপুর মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ চিলাই খাল পুনরুদ্ধারে খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর তিতাস গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে মাটি কাটার মাধ্যমে খাল খনন কাজের সূচনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এবং সরকারের নির্দেশনায় সারা দেশে অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার কার্যক্রমের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, ইমরান রেজা, মোস্তফা ননী, এস.এম. মহিবুর রশীদ মারুফসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরে মোট ১৯টি খাল রয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো খাল পুনঃখনন করা হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খালটি মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় দ্রুত সংস্কার করে এটিকে দৃষ্টিনন্দন খালে রূপান্তর করা হবে। আগামী ছয় মাসের মধ্যে খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রশাসক বলেন, খালের আশপাশে অবস্থিত শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য যাতে খালে না পড়ে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খালগুলো দখলমুক্ত করে পুনঃখনন করা গেলে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন গাজীপুর চৌরাস্তায় ড্রেনে জমে থাকা ময়লা অপসারণ কার্যক্রম এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে আরসিসি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ নগরীর পরিচ্ছন্নতা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.