সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা জেলে মজিবর গাজী (৫০) কে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে সুন্দরবনের খড়কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড সূত্র নিশ্চিত করেছে।
উদ্ধারকৃত ওই জেলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনী এক জেলেকে জিম্মি করে মুক্তিপনের দাবিতে নির্যাতন করছে,এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা পালিয়ে গেলেও নির্যাতনের শিকার ঐ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিয়মিত প্রেস ব্রিফিং এ কোস্টগার্ডের ওই কর্মকর্তা, দস্যু দমন ও বনজীবীদের নিরাপত্তার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









