নরসিংদীতে তেল, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়। নরসিংদী জেলা প্রশাসন, জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশন, জেলা এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই-এর সহকারী পরিচালক মো. ইউনুছ আলী, র্যা-ব-১১-এর সিপিএসসি নরসিংদীর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল, জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি মোমেন মোল্লা এবং কর্মকর্তাবৃন্দ
সভায় জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিটি পেট্রোলপাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত থাকবেন। এছাড়া ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হবে। হেলমেট এবং গাড়ির লাইসেন্স ছাড়া তেল দেওয়া হবে না।
প্রতিটি পেট্রোলপাম্পে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। কোনো পাম্প মালিক অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করলে তার লাইসেন্স বাতিল করা হবে। অপরদিকে, রোড পারমিট ছাড়া নরসিংদী জেলায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে সকল তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত সর্বক্ষণ নিয়োজিত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









