ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার ও চান্দিনা এলাকায় দুর্ঘটনাগুলি ঘটে।
দাউদকান্দিতে দুর্ঘটনা:
ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। নিহতরা হলেন সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। এ ঘটনায় নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫) আহত হন। তারা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিমসারে দুর্ঘটনা:
ভোর পৌনে ৪টার দিকে নিমসার বাজারসংলগ্ন ইউটার্নে দুই যুবক নিহত হন। তারা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার মো. সোহেল রানা (৩৫)।
চান্দিনায় দুর্ঘটনা:
সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় স্কুলছাত্র ইবনে তাইম (নবম শ্রেণির) লরিচাপায় নিহত হন। তিনি চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, কোচিং শেষে বাড়ি ফেরার সময় ইউটার্ন পারাপারের সময়ে চট্টগ্রামগামী লরিটি তাকে চাপা দেয়।
অপরদিকে মহাসড়কের চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় বাস ছাপায় একজন অজ্ঞাত নারী (৫০) নিহত হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন পৃথকভাবে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









