শরীয়তপুরের জাজিরায় পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিলাসপুর এলাকায় ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি ইদ্রিস বেপারী সেখানে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তাকে আটক করতে গেলে তার স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলার মুখে পড়ে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়লে হামলাকারীরা ইদ্রিস বেপারীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় জাজিরা থানার এসআই কামরুল ইসলাম, এএসআই রজব আলী, কনস্টেবল শরিফুল ও কনস্টেবল মাসুদ আহত হন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ইদ্রিস বেপারীসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করেছেন। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি রতন বেপারী (৫৪), আখি বেগম (৩২) ও শহর বানু (৪৪)কে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিলাসপুর এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদ্দুস বেপারীসহ ৫৩ জনকে আসামি করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









