কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে মিরাজ নামে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) উপজেলার সেন্টার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলার মিরাজ উপজেলার সেন্টার মোড় এলাকার একজন জ্বালানি তেল ব্যবসায়ী।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সেন্টার মোড় এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে মজনু ও মিরাজ নামে দুই ব্যবসায়ীর দোকান ও বসতবাড়িতে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে মিরাজের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









