বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শাহজাদপুরে কিশোর গ্যাংয়ের চাঁদা দাবি, হামলায় ব্যবসায়ী বাবা-ছেলে আহত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

শাহজাদপুরে কিশোর গ্যাংয়ের চাঁদা দাবি, হামলায় ব্যবসায়ী বাবা-ছেলে আহত

সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের হাটে চাঁদা দিতে অস্বীকার করায় কাপড় ব্যবসায়ী মানিক মিয়া (৫৫) ও তার ছেলে অন্তরকে (২৫) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলেোপাতাড়ি কুপিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় দোকানের মালামাল ও নগদ অর্থ লুটেরও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত অন্তরের পিতা ব্যাবসায়ী মানিক মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় ২০ জনের নাম উল্লেখ্সহ অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা দায়ের করেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে শাহজাদপুর পৌর শহরের রবীন্দ্র কাছাড়ি বাড়ির পাশে কাপড় হাটে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পৌর সদরের দ্বাবারিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এ সময় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত অন্তরকে উদ্ধার করে প্রথমে পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়। অপরদিকে আহত ব্যবসায়ী মানিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে কিশোর গ্যাংয়ের এমন নৃশংস হামলার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে দিনের বেলায় এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সেইসঙ্গে হামলার নেতৃত্ব এবং কিশোর গ্যাংয়ের মদদদাতাদের খুঁজে বের করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদের বিরুদ্ধে।

অভিযোগ অস্বীকার করে বুধবার রাতেই দ্বারিয়াপুর বাজারে সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ বলেন, “আমরা দুইভাই শাহজাদপুরে পরিষ্কার রাজনীতি করি, আমাদের নামে কোনো অপবাদ নেই। আমাদের দুই ভাইয়ের নাম জরিয়ে একটি ভুয়া আইডি থেকে সম্মানহানী করার জন্য মিথ্যা প্রচারণা করছে।” 

অপপ্রচারের নিন্দা এবং যে সকল সন্ত্রাসীরা ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে তাদের সবোর্চ্চ শাস্তির দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামের হাজী নুর ইসলামের ছেলে আবুল বাশার চেনি (৫৫) ও মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন সরকার (৪৩)। এছাড়াও সিসিটিভি বিশ্লেষণ করে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

আটককৃতরা তো কিশোর নয় এমন প্রশ্নের জব্বাবে ওসি বলেন, “এনারা মদদদাতা।” 

আহত ব্যবসায়ী মানিক মিয়া বলেন, “গতকাল দুপুরে বেশ কয়েকজন কিশোর আমার ছেলে অন্তরকে ডেকে নিয়ে চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করলে ২৫/৩০ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলের উপরে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ছেলেকে বাঁচাতে গেলে আমাকেও তারা কুপিয়ে আহত করে।”

এ ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। 

এ সময় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মনছুর আলী, সাধারণ সম্পাদক রনি খান শান্ত, হাটের পরিচালক নাদিম হোসেন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা খোকন আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদা না দেওয়ায় এ নৃশংস হামলা চালানো হয়েছে। 

তারা দাবি করেন, হামলাকারীরা দোকান থেকে প্রায় ৭-৮ লাখ টাকা নিয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে দোকান বন্ধ রেখে আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান জানান, আসামিদের আইনের আওতায় আনতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী বা কিশোর গ্যাংয়ের লিডার যতই প্রভাবশালী হোক না কেন, তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।

মাসুদ /শাহজাদপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.