রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে জ্বালানি তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

ঝিনাইদহে জ্বালানি তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহের কালীগঞ্জে জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন কোম্পানির বিক্রয়কর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সংগঠন এসআর সমিতির নেতাকর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপজেলার অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চালকরা বিপাকে পড়েছেন। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না ভোক্তারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও বিক্রয় প্রতিনিধিরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

এ অবস্থায় কাজের প্রয়োজনে চলাচল ব্যাহত হওয়ায় সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা। ফলে ক্ষোভে ফেটে পড়ে তারা উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন।

কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, পরিবেশক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.