সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

গাজীপুরে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভুয়া পরিচয়ে প্রবেশ করে প্রতারণার চেষ্টা করার অভিযোগে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন নথি-পত্র জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: মোঃ মোর্শেদ আলম (৪৫), মোঃ নজরুল ইসলাম (৪৮), সাব্বির আলী (৪৫) এবং এই ঘটনায় মোঃ মহিদুল ইসলাম মাইদুল (৪০) নামের আরও একজন আসামি পলাতক রয়েছে।

গাজীপুর সদর থানায় জেলা প্রশাসকের গোপনীয় সহকারী গোলাম রসুলের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুরে আসামি মোঃ মোর্শেদ আলম (৪৫) ও মোঃ নজরুল ইসলাম (৪৮) জেলা প্রশাসকের অফিস কক্ষে প্রবেশ করেন। তারা নিজেদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচ্চতন কর্মকর্তার পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সামনে একটি স্বাক্ষরবিহীন দুই কপির সম্মতিপত্র উপস্থাপন করেন।

উক্ত সম্মতিপত্রে উল্লেখ ছিল, ব্যক্তিগত প্রয়োজনে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ এবং নির্দিষ্ট সময়ে তা পরিশোধ সংক্রান্ত বিভিন্ন শর্ত। এতে অসংগতিপূর্ণ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয় উল্লেখ থাকায় জেলা প্রশাসক বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

পরবর্তীতে আসামিরা জেলা প্রশাসককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তরের একটি দল ঘটনাস্থলে এসে মোঃ মোর্শেদ আলম ও নজরুল ইসলামকে আটক করে তাদের হেফাজতে নেন।

পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে থেকে সাব্বির আলীকে (৪৫) আটক করা হয়। একই দিন রাতে আটককৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানাধীন নুরপুর এলাকার “গাজী প্যালেস” নামে একটি ভবনে ৪নং আসামি মোঃ মহিদুল ইসলাম মাইদুলের বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক ও লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় আসামি মাইদুল পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেশের নিরীহ মানুষদেরকে প্রলোভন দেখিয়ে প্রতারণা ও লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাঙ্ক চেক ও লিখিত স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন প্রতারণা করেছে।

মহানগর ডিবির উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আটককৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। পলাতক আসামিদের আটকের অভিযান চলছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মহানগর ডিবি পুলিশ আইনগত কার্যক্রম পরিচালনা করছে এবং আসামিরা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.