গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় মোজাম্মেল হককে ১৫ হাজার টাকা, লিটন হোসেনকে ৫ হাজার টাকা এবং আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্য করে ওষুধ বিক্রি করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









