সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফুয়েল কার্ড সংগ্রহের মেয়াদ বাড়াল কিশোরগঞ্জ প্রশাসন

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

ফুয়েল কার্ড সংগ্রহের মেয়াদ বাড়াল কিশোরগঞ্জ প্রশাসন

দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাবে কিশোরগঞ্জ জেলাতেও তেল সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার ও পরিবহন চালকরা। বিভিন্ন তেল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন চালু করে ফুয়েল কার্ড ব্যবস্থা, যা ইতোমধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে সাধারণ চালকদের মধ্যে।

গত ১ এপ্রিল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের এক জরুরি বিজ্ঞপ্তিতে ফুয়েল কার্ড সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করা হয়, ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ২ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন উপজেলা প্রশাসনের মাধ্যমে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় এবং নির্ধারিত সময় পর্যন্ত তা চলমান ছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক চালক ফুয়েল কার্ড সংগ্রহ করতে না পারায় প্রশাসন পুনরায় বিষয়টি বিবেচনায় নেয়। এর প্রেক্ষিতে ৫ এপ্রিল ২০২৬ তারিখে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়—পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফুয়েল কার্ডের আবেদন ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ সাকি ও পলাশ রায়হান জানান, আমরা সুশৃঙ্খলভাবে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করে ফুয়েল কার্ড প্রদান করছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তারা আরও জানান, গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ফটোকপি এবং ছবি জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হচ্ছে। তবে পূর্বের নির্দেশনায় ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক থাকলেও বর্তমানে অনেক আবেদনকারীর সুবিধার কথা বিবেচনা করে ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে লার্নার লাইসেন্সের আবেদন কপিও গ্রহণ করা হচ্ছে।

জেলার বিভিন্ন তেল পাম্পে ঘুরে দেখা গেছে, ফুয়েল কার্ড চালুর ফলে আগের তুলনায় শৃঙ্খলা অনেক বেড়েছে। অপ্রয়োজনীয় ভিড় কমেছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও অনেকটা লাঘব হয়েছে। নির্ধারিত নিয়মের মধ্যে থেকে দ্রুত সময়ের মধ্যেই জ্বালানি পাচ্ছেন কার্ডধারীরা।

ফুয়েল কার্ড সংগ্রহকারী একাধিক চালক জানান, আগে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো এবং অনেক সময় তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে। এখন কার্ড থাকায় খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। পুরো ব্যবস্থাপনাটি অনেক ভালো হয়েছে।

সচেতন মহল মনে করছেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় এ ধরনের নিয়ন্ত্রিত ব্যবস্থা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখছে। একই সঙ্গে সকল চালককে দ্রুত ফুয়েল কার্ড সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রশাসন।

আলমগীর/কিশোরগঞ্জ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.