রাষ্ট্রীয় অর্থায়নে কর্মসংস্থান নিবন্ধন, বেকার ভাতা ও কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শহরের এইচএসএস সড়কে বাংলাদেশ যুব ইউনিয়ন কুষ্টিয়ার জোনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আপু তোয়াব অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, মেহেরপুর জেলা আহবায়ক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আহবায়ক আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা সভাপতি সোহেল খন্দকার, জাতীয় পরিষদ সদস্য নুরুন্নাহার রিসা, বায়েজিদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে সকল বন্ধ কলকারখানা চালু, সরকারি সকল শূন্য পদে নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার মধ্য দিয়ে দেশের সকল বেকারকে কর্মসংস্থান দিতে হবে। এদের মধ্যে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে জামানতবিহীন সুদ মুক্ত ঋণসহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে।
যুবনেতারা আরো বলেন, সাহসী যৌবনে সুন্দর আগামীর জন্য মুক্তিযুদ্ধের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল করতে হবে। রাষ্ট্রীয় অর্থায়নে কর্মসংস্থান নিশ্চিতে কর্মসংস্থান নিবন্ধন, বেকার ভাতা, কৃষিভিত্তিক শিল্পায়ন করে বেকারত্ব নিরসন করতে হবে। ঝিনাইদহ জেলা সদরে বিপ্লবী বাঘা যতীন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিংবদন্তি ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রেললাইন চালু, পর্যাপ্ত পাবলিক টয়লেট ও পাবলিক লাইব্রেরি নির্মাণ করার দাবি জানান।
সমাবেশ থেকে মার্কিন সরকারের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ এবং বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ সৃষ্টির জন্য তীব্র নিন্দা করেন নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









