দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামে নতুন নির্মিত শম্ভুগাঁও সরকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) জুম্মার নামাজকে কেন্দ্র করে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
‘প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ’-এর অনুদানে নির্মিত এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। মসজিদ কমিটির পক্ষ থেকে সকল মুসল্লিদের জুম্মার নামাজে অংশ গ্রহণ এবং নামাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি এইচ.এম হুমায়ুনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন দিনাজপুর জেলা যুবদলের সদস্য আক্কাস আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ’-এর প্রতিনিধি রুহুল আমীন, মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ হাসান শহীদ মো. ফেরদৌস রনি, ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবাইদুল ইসলাম এবং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহম্মেদ ইফতি।
অনুষ্ঠানে বক্তারা মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে এই মসজিদকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









