গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে র্যাব-১। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও অভিযুক্তরা পালিয়ে যায়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ গাজীপুরের চৌরাস্তা এলাকায় আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টা ৫০ মিনিটে গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
এসময় সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের বক্সের ভেতর লুকানো অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
অভিযান চলাকালে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত মদ ও প্রাইভেটকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









