ঈদুল ফিতরের পর থেকে যশোরের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল হঠাৎ বাজার থেকে উধাও হওয়ায় সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে।
ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির দুর্বলতাকে সুযোগ করে প্রভাবশালী কয়েকটি কোম্পানি সিন্ডিকেট করে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, যাতে নতুন করে দাম বাড়ানো সম্ভব হয়। রমজান মাসের শুরু থেকেই ডিলারদের মাধ্যমে খুচরা বাজারে সরবরাহ সীমিত রাখার এই প্রক্রিয়া চালু ছিল।
বর্তমানে বোতলজাত সয়াবিন তেল প্রায় অনুপস্থিত। বাধ্য হয়ে ক্রেতারা খোলা তেল কিনছেন, যা সরকার নির্ধারিত ১৭৬ টাকার পরিবর্তে ২০৫–২০৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২২০ টাকা, সোনালি মুরগি ৪২০ টাকা, দেশি মুরগি ৮০০ টাকা। মাছের দামও ঊর্ধ্বমুখী—পাঙাশ ২০০, তেলাপিয়া ২৩৫, রুই ৩৫০, চিংড়ি ৯০০ টাকা কেজিতে। চালের বাজারেও ঊর্ধ্বগতি, মোটা চাল (স্বর্ণা) ৫৬–৫৮, বিআর-২৮ চাল ৬৮, মিনিকেট ৮৫ টাকা কেজিতে। মসুর ডাল ১০৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বোতলজাত তেল মিলছে না, আর খোলা তেলও বেশি দামে কিনতে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তারা জানান, আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়ছে।
এ অবস্থায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আয় বাড়েনি, ব্যয় বেড়েছে, ফলে অনেক পরিবার মাসের মাঝামাঝি থেকে ধার-দেনায় জড়াচ্ছে। আগে যেখানে সপ্তাহে কয়েকদিন মাংস খাওয়া হতো, এখন তা কমে গিয়ে ডিম ও সবজিতে সীমাবদ্ধ হচ্ছে।
বড় বাজারে আসা ক্রেতা রায়হান হোসেন বলেন, “বোতলজাত তেল পাচ্ছি না, আর খোলা তেলও বেশি দামে কিনতে হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে গেছে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কেউ অতিরিক্ত মুনাফা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর ক্যন্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফেরদৌস জান্নাত বলেন, “বোতলজাত সয়াবিন তেলের সংকট ও কৃত্রিম দাম বৃদ্ধির কারণে মধ্য ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে। সরকারের কার্যকর তদারকি ও সিন্ডিকেট ভাঙা না হলে বাজার স্থিতিশীল হবে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









