প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পাওয়া সৈয়দপুরের কৃতী সেপাক টাকরো খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৫ এপ্রিল) সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড় অন্তর কুমার রায় ও মোছা আইরিন খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “সৈয়দপুরের এই দুই কৃতী খেলোয়াড় জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কাছ থেকে পুরস্কৃত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেপাক টাকরো খেলার উন্নয়নে যা যা প্রয়োজন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এমন সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সৈয়দপুরের সংবর্ধিত এই খেলোয়াড়রা ২০২৫ সালের সেপাক টাকরো চ্যাম্পিয়ন দলের সদস্য। তারা বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩৮তম থাই কিংস কাপে অংশ নিয়ে পদক জয়ের কৃতিত্বও রয়েছে তাদের ঝুলিতে। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী সম্প্রতি ১২৯ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন, যার মধ্যে সৈয়দপুরের এই দুই খেলোয়াড়ও অন্তর্ভুক্ত ছিলেন।
সেপাক টাকরো বাংলাদেশের সহকারী কোচ, সৈয়দপুরের প্রধান কোচ ববি রায় বলেন, “এই ধরনের স্বীকৃতি খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করে। অনেক আগে থেকে সৈয়দপুরে এই খেলার প্র্যাকটিস শুরু হলেও ২০২২ সাল থেকে আমরা সবার নজরে আসতে সক্ষম হয়েছি। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারব এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব হবে।”
সংবর্ধিত অন্তর কুমার রায় ও মোছা আইরিন খাতুন জানান, “প্রধানমন্ত্রীর পর এখন উপজেলা পর্যায় থেকেও আমাদের সংবর্ধনা দেওয়া হল। খুব ভালো লাগছে। এসব অনুপ্রেরণা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।” তারা সবার দোয়া কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের বাদে স্থানীয় কোচ ও ম্যানেজারদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম মন্ডলসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









