বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ও প্রখ্যাত দাঈ পীরজাদা মুহাম্মদ রাযা সাকিব মুস্তাফাই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম, ঢাকা, বিশেষ করে উত্তরাঞ্চলের সৈয়দপুরে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। পাকিস্তানের গুজরানওয়ালায় জন্মগ্রহণকারী পীরজাদা মুহাম্মদ রাজা সাকিব মুস্তাফাই আন্তর্জাতিক পরিমন্ডলে তার হৃদয়গ্রাহী ও প্রাঞ্জল বয়ানের জন্য সর্বমহলে সুপরিচিত। তিনি পাকিস্তানের অন্যতম বৃহৎ ইসলামিক দাওয়াহ ও শিক্ষা প্রতিষ্ঠান ইদারাতুল মুস্তাফা ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ইসলামিক শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং মানবিক সহায়তা প্রদান করে আসছে।
তার বাংলাদেশ সফর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক শানে রিসালাত কনফারেন্স ও ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ এপ্রিল চট্টগ্রামে ওই শান রিসালাত মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ১২ এপ্রিল সৈয়দপুরে, ১৩ এপ্রিল দিনাজপুরে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরের শেষ পর্যায়ে ১৪ ও ১৫ এপ্রিল ঢাকায় “শানে রিসালাত কনফারেন্স”-এ তিনি প্রধান মেহমান ও বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন।
এই বৃহৎ আয়োজনটি বাস্তবায়ন করছে গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ। যার সার্বিক তত্ত্ববাবধানে রয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ড. সৈয়্যদ এরশাদ আহমেদ বোখারী সাহেব।
তিনি জানান, সারাবিশ্বে মুসলমানদের সম্মানিত ব্যক্তিত্ব, প্রখাত দাঈ পীরজাদা মুহাম্মদ রাযা সাকিব মুস্তাফাই এর বাংলাদেশ সফর নিশ্চিত করা হয়েছে। এটা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের জন্য সৌভাগ্য যে উনার মত ব্যক্তিত্বের সাক্ষাত পাচ্ছে। উনার সফর যাতে সফল হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি বলে জানান তিনি।
প্রখ্যাত দাঈ এর এই সফলরকে কেন্দ্র করে বিশেষ করে সৈয়দপুরে তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে। মাহফিলটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আজহার সুলতান রিজভী, শেখ কুতুব উদ্দিন, শাকির রাহাতুল আশেকিন, ফাহিম, নাদের, খালিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানিয়েছেন, এই মাহফিল ও সম্মেলনগুলোতে গোটা সৈয়দপুর থেকে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে ওই শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শহরের বিভিন্ন পীর মাশায়েক, উলেমায়ে আহলে সুন্নাত, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন স্তরের আলেমরা উপস্থিত থাকবে। পীরজাদা রাজা সাকিব মুস্তাফাইয়ের এই প্রথম বাংলাদেশ সফর ইসলামপ্রিয় মানুষের মাঝে নতুন এক ধর্মীয় জাগরণ সৃষ্টি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









