লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস এর প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় মোঃ মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে মিজানুর রহমানের কাঁধে আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান বলে জানা গেছে।
আহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মফিজুল ইসলাম।
এদিকে, ঘটনার পর স্থানীয় এলাকাবাসী শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে।
বিষয়টি স্বীকার করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, আটক ভারতীয় ব্যক্তি বিজিবির হেফাজতে রয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









