সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিরিরবন্দরে যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

চিরিরবন্দরে যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দরে ঈদগাহ মাঠ ও স্কুল-মাদরাসায় যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে রানীরবন্দর ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় অভিভাবক, এলাকাবাসী নারী-পুরুষ, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীরবন্দর এন আই বালিকা উচ্চ বিদ্যালয়, চাইন্ড কেয়ার স্কুল ও কলেজ, দারুস সুন্নাহ মাদরাসা, রানীরবন্দর ঈদগাহ মাঠ, উত্তর রানীপুর বায়তুল জান্নাত জামে মসজিদ এবং স্থানীয় কবরস্থানে মরদেহ নিয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটির একাংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন রানীপুর গ্রামের প্রভাবশালী মৃত মনিরুজ্জামান ওরফে গোঠোর ছেলে আফতাব উদ্দিন।

অথচ এই রাস্তাটি দিয়েই দীর্ঘদিন ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে ওই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ওই পথ দিয়ে যাতায়াতকারীরা চরম বিপাকে পড়ে যান। শুধু তাই নয়-কোনো ব্যক্তি মারা গেলে রানীরবন্দর ঈদগাহ মাঠে জানাযা নামাজ আদায় করতে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীদের অনেক দূর ঘুরে চলাচল করতে হয় এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখলদারের কবল থেকে দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নিকট আবেদন করেছেন এবং আবেদনের অনুলিপি দিনাজপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়াকে প্রদান করছেন।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি সুরাহা করার জন্য দায়িত্ব প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইকবাল/চিরিরবন্দর/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.