মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উচ্ছেদ অভিযান: সড়ক দখলমুক্ত, স্বস্তি ফিরেছে জনজীবনে

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

উচ্ছেদ অভিযান: সড়ক দখলমুক্ত, স্বস্তি ফিরেছে জনজীবনে

গাজীপুর সিটি করপোরেশনের পৃথক অভিযানে আঞ্চলিক সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে নগরবাসীর।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে থাকা বিভিন্ন অস্থায়ী স্থাপনা সরিয়ে দিয়ে চলাচলের উপযোগী করে তোলা হয়।

অভিযান শেষে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়ক দখলের কারণে যানজট ও ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। উচ্ছেদ অভিযানের ফলে এখন পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে।

এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। একই দিন সকাল ১০টা থেকে গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন সালনা বাজার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, আঞ্চলিক কর্মকর্তা (অঞ্চল-৫) মো. ফিরোজ আল মামুন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান আবরার। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।

এদিকে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে গাজীপুর সিটি করপোরেশনের সাধারণ জনগণ ও সচেতন মহল। নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখার দাবি জানান তারা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

উচ্ছেদ অভিযান: সড়ক দখলমুক্ত, স্বস্তি ফিরেছে জনজীবনে | The Daily Adin