শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এক্সকাভেটরের মাধ্যমে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুমন দালাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করে আসছিলেন। তিনি দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে সিসা উৎপাদন করতেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ দিতেন।
কারখানাটির কারণে আশপাশের এলাকায় মারাত্মক পরিবেশদূষণ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে গবাদিপশুর মৃত্যুসহ জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল।
স্থানীয়দের একাধিক অভিযোগের পর এর আগেও প্রশাসন কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে নির্দেশনা অমান্য করে কারখানা কর্তৃপক্ষ পুনরায় গোপনে উৎপাদন শুরু করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন।
অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে. এম. রাফসান রাব্বি। তিনি জানান, কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়া ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে কারখানাটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সিসা দূষণ অত্যন্ত বিপজ্জনক এবং এটি মানুষের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে। আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম চালালে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









