দিনাজপুরের খানসামা উপজেলায় ফুয়েল কার্ড ছাড়া কোনো ধরনের জ্বালানি তেল বিক্রি করা হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জ্বালানি পাম্পের মালিক ও ম্যানেজারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (৮ এপ্রিল) থেকে উপজেলায় ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দারাই এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস চলাকালীন সময়—সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আবেদনের সময় আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স বা লার্নার অথবা গাড়ির রেজিস্ট্রেশন কাগজ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরমেটে চালকের নাম, এনআইডি নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করে আবেদন দাখিল করতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে অনুমোদিত আবেদনকারীরা আগামী রোববার (১২ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা কমপ্লেক্স হলরুম থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন।
এছাড়া আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো গাড়িচালক জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না। একই সঙ্গে উপজেলার কোনো জ্বালানি পাম্প মালিক পেট্রোল বা অকটেন সরবরাহ করতে পারবেন না বলেও সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, অবৈধ তেল বিক্রি রোধ এবং স্বচ্ছতা নিশ্চিতের একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









