শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসনে আগামী ০৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপনির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে দুটি পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে শ্রীবরদী’র আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ও পরবর্তীতে ঝিনাইগাতি আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজ মাঠে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত দুটি পৃথক ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক জানান, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনি ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশিদা বেগম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (২ এপিবিএন) ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন-সহ জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি বুথে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









