নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুমোদন ছাড়া তেল বিক্রির অভিযোগে একটি মিনি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরপুর ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় অভিযানে সহযোগিতা করে র্যাব-৫-এর একটি দল।
জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আলতাব হোসেন সম্প্রতি ওই এলাকায় একটি মিনি তেল পাম্প স্থাপণ করেন। সেখানে ডিজেল ও পেট্রোল বিক্রির পাশাপাশি মাছের খাদ্য ও বিভিন্ন প্রকার ঔষধও বিক্রি করা হতো। ‘আকাশ এন্টারপ্রাইজ’ নামে ব্যবসাটি পরিচালনা করতেন তার ছেলে মোহাম্মদ আলী আকাশ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অনুমোদন না থাকায় বিষয়টি ইউএনওকে অবহিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায় স্বীকার করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির মালিক আলতাব হোসেন জানান, সম্প্রতি দোকানটি চালু করা হয়েছে এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। তবে অনুমোদন না পাওয়া পর্যন্ত তেল বিক্রি আইনসিদ্ধ নয় বলেও তিনি স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “অনুমোদন ছাড়া তেল বিক্রি করায় জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে পারলে পরবর্তীতে দোকানটি খুলে দেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









