বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় বিজিবি’র ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

কুষ্টিয়ায় বিজিবি’র ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আয়োজিত এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, মাদক কেবল একটি অপরাধ নয়, এটি একটি জটিল সামাজিক সমস্যা। এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক প্রতিরোধ অপরিহার্য।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় বিজিবি’র বিভিন্ন অভিযানে আনুমানিক ১১৪ কোটি ৮০ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ১৭৫ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে কোকেন ৬.০৫ কেজি, হেরোইন ২৬.২৫৩ কেজি, ইয়াবা ৬৭,৪৯৬ পিস, বিদেশি মদ ৪,৪৩২ বোতল, ফেন্সিডিল ৭,৭৮৭ বোতল, গাঁজা ৫৫০.৪ কেজি, এলএসডি ৩০ বোতল, ভায়াগ্রা ও সিলডিনাফিল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইনজেকশন ও বিড়ি। ধ্বংসকৃত এই মাদকের বাজার মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

মাদক ধ্বংসকরণ কার্যক্রমে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.