গাজীপুরের শ্রীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা–কাপাসিয়া–কিশোরগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিকের একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষটি ঘটে। এতে দুই বাসের চালক গুরুতর আহত হন। এছাড়া যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও ১৫ থেকে ২০ জন আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, “হঠাৎ বৃষ্টির মধ্যে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে অনেক যাত্রী আহত হন।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, ঘটনাটি হাইওয়ে থানার অধীনে হওয়ায় সেখানে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









