রাজশাহীর মোহনপুরে ভ্যান দূরে থামানোকে কেন্দ্র করে আলম (৪৪) নামে এক ভ্যানচালকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক বেলগাছি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। অভিযুক্তের নাম মজিবর রহমান (৫৫)। তিনি একই গ্রামের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে মারধরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। পরে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত মজিবর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে একাধিক আঘাত করেন।
এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা চালায়। এ সময় অভিযুক্তকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলাল উদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন।
ওসি বলেন, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









