বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাথা ও হাতের কবজিবিহীন নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম

মাথা ও হাতের কবজিবিহীন নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল প্রায় চারটার দিকে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকাবাসী পুকুরপাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত না হলেও পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তাঁর স্বামী সাইফুল রহমান।

স্থানীয়দের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি ও তাঁর স্বামী সাইফুল রহমান দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় ওঠেন। তবে প্রায় ১৫ দিন ধরে তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন বলেও জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি কম্বলে মোড়ানো ছিল এবং তা অর্ধগলিত অবস্থায় ছিল। এছাড়া মরদেহের মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক করে তুলেছে।

তিনি আরও জানান, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ফরিদুল/কক্সবাজার/কাওছার

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.