রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) নিবার্চন উপলক্ষে আগাম প্রস্ততি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগেই ঘোষিত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
তিনি আনুষ্ঠানিকভাবে শনিবার (১১ এপ্রিল) ‘মাঠ থেকে ম্যান্ডেট’ স্লোগানে নিজের প্রচারণার কাজও করেছেন।
এদিন বিকেল ৫টায় নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করে মহানগর এনসিপি। সভায় এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের আলী বলেন, ‘এবারের নির্বাচন আর দুর্নীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে এনসিপি কাজ করছে।’ তিনি বলেন, আজ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামলেন। জনগণের অধিকার নিশ্চিত করতে এনসিপি মাঠে সক্রিয় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সিটি নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনোভাবেই যাতে বিতর্কিত নির্বাচন না হয়, সেটি নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানান এই এনসিপি নেতা।
মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, জাতীয় শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক রমজান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









