রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর অবস্থানে সিটি করপোরেশন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর অবস্থানে সিটি করপোরেশন

বরিশাল নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় অভিযান শুরু করে সংস্থাটি।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য অস্থায়ী দোকান, ভাসমান ব্যবসা ও স্থাপনার কারণে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। পাশাপাশি সৃষ্টি হচ্ছিল যানজট ও জনভোগান্তি। এ প্রেক্ষাপটে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নামে সিটি করপোরেশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের আগে দখলদারদের একাধিকবার সতর্ক করা হয়। মাইকিং করে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এতে অনেকেই সাড়া দিলেও কিছু ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে আগের মতোই দখল বজায় রাখেন।

এ অবস্থায় রোববার থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা। অভিযানে অবৈধ দোকানপাট ভেঙে ফেলা হয় এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এটি কোনোভাবেই দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। আগেই পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। এরপরও যারা সরেননি, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখলের সাহস না পায়।

সিটি করপোরেশনের এ উদ্যোগে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আদনান/বরিশাল/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.