দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল নগরীতে বিশেষ টিকাদান অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বসিক)।
রবিবার (১২ এপ্রিল) সকালে নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
তিনি বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেই লক্ষ্যে নগরীর প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।” তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকাদান করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন টিকাকেন্দ্রে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা কর্মসূচির সফল বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ অভিযানের আওতায় মোট ৪২ হাজার ২১০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত কেন্দ্রগুলোতে আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এর আগে, গত ৫ এপ্রিল বরিশাল বিভাগের চারটি উপজেলায় পরীক্ষামূলকভাবে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। সেখানকার ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে নগরীতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নেওয়াই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। সিটি করপোরেশনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীতে হামের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









