জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
এর আগে, দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, “জামিনের কাগজ হাতে আসার পর যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সেদিনই তাকে আদালতে হাজির করে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে জামিনের আবেদন করেছিলেন শিরীন শারমিনের আইনজীবী। আদালত উভয় পক্ষের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









