পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনই ঝুঁকিতে ফেললেন এক মাদক কারবারি। বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫)। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
জানা যায়, রোববার গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পরপরই পকেটে থাকা ইয়াবা ট্যাবলেট মুখে পুরে চিবিয়ে গিলে ফেলেন তিনি। ধারণা করা হচ্ছে, প্রমাণ নষ্ট করতেই এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেন সানোয়ার।
ইয়াবা সেবনের কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে অচেতন হয়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের বাসিন্দা সানোয়ার দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী বলেন, আটকের পরপরই সে ইয়াবা গিলে ফেলে। পরে অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বর্তমানে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের হাত থেকে রেহাই পেতে প্রমাণ নষ্টের এমন বিপজ্জনক প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সমাজে মাদকবিরোধী লড়াইকে আরও জটিল করে তুলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









