গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল) রাতে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আওলাকান্দা গ্রামের হাবি মিয়ার মেয়ে মিতু আক্তার (২৪) এবং পঞ্চবটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শারমিন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়। সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই নারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, আটক দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া টঙ্গী পূর্ব থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









