নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসভবনে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ভোরের কিছু আগে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে ফেলে। এসময় পরিবারের সদস্যদের চোখ ও হাত বেঁধে ফেলা হয়।
ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে ফজরের আজানের সময় ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









